চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রজেক্টের একজন প্রকৌশলী নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রেলওয়ে কলোনীর রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাই স্কুল এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম ইমদাদুল হাসান শোভন (৩৪)। তার বাসা খুলশী থানা এলাকায়। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মৃত আবুল হোসেন শেখের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৪১৭৩৯) যোগে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী ইমদাদুল হাসান চলন্ত কাভার্ডভ্যানে নীচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান হাসান।
খুলশি থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী বিন কাসেম বলেন, কাভার্ডভানের সাথে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। তার সাথে থাকা একটি পরিচয় পত্র থেকে জানাগেছে তার নাম ইমদাদুল হাসান। তিনি জেএনএস কনসালট্যান্ট কোম্পানী লি. এর অধিনে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এর জেনারেল ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখনো তার নাম ছাড়া বিস্তারিত ঠিকানা আমরা পায়নি।