Wednesday, September 23

মোবাইল চোর আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতন

0

নারায়ণগঞ্জের বন্দরে মোবাইল চোর আখ্যা দিয়ে এক মানসিক প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ব্যক্তির নাম খোকা মিয়া (২৫)। তিনি ওই এলাকার মৃত ছামসুল হকের ছেলে।

এলাকাবাসী জানান, প্রায় এক সপ্তাহ আগে বন্দরের গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি হয়। সোমবার একই গ্রামের মানসিক প্রতিবন্ধী খোকা মিয়া ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ইজ্জত আলী ও তার পরিবারের লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠে। গ্রামবাসী বিক্ষোভ মিছিল শুরু করে এবং ইজ্জত আলীর পরিবারকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে কামতাল তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নির্যাতিত খোকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বন্দর পুলিশ কর্মকর্তা প্রদ্যুত সরকার জানান, চোর আখ্যা দিয়ে এক প্রতিবন্ধী যুবকের উপর নির্যাতন চালানো হয়েছে। যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইজ্জত আলী ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.