কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার একটি ত্রিপুরা পল্লীর ৯ কাঁচা বসতঘর আগুনে পুড়ে গেছে। বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে আকিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা সােনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী হাবুইতি ত্রিপুরা, খেমাজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলি চন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরার বসতঘরসহ ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযােগিতায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
পাড়ায় বাসিন্দা স্টিফেন ত্রিপুরা বলেন, “মা-বাবা অনুপস্থিতে একটি ঘরে দুই শিশু মোমবাতি আগুন নিয়ে খেলছিল। এক পর্যায়ে খেলারচ্ছলে ঘরের মশারীতে আগুন ধরিয়ে দেয়। ঘরগুলো বেশির ভাগ বাঁশ ও কাঠের ঘর হওয়ার দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাে. মােজাম্মেল হক জানান,“খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযােগিতা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
এদিকে ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাে. মােস্তফা জামাল, ভাইস চেয়ারম্যান মাে. জাহেদ উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথােয়াইচিং মার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে পরিষদের পক্ষ থেকে ২০ কেজি করে চাউল, হাড়ি পাতিলসহ যাবতীয় সহায়তা করা হয়েছে।