মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির হেভিওয়েট প্রার্থী এম মোরশেদ খানকে ডিঙ্গিয়ে শেষ মুহূর্তে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আাবু সুফিয়ান।
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সকালে গুলশান কার্যালয় থেকে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবু সুফিয়ান।
আবু সুফিয়ান ছাড়াও চট্টগ্রামের এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা মোরশেদ খান ও এরশাদ উল্যাহ।
প্রসঙ্গত, এই আসন থেকে ২০০১ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন এম মোরশেদ খান। তারপর ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাসদ থেকে নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মঈন উদ্দিন খান বাদল। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।
অভিযোগ রয়েছে দীর্ঘ ১০ বছর বিএনপি কোনো আন্দোলন সংগ্রামে মোরশেদ খান ছিলেন না। এমনকি নিজের নির্বাচনী এলাকাও তিনি আসতেন না। ফলে নেতাকর্মী ও ভোটারদের সাথে তাঁর দুরত্ব সৃষ্টি হয়।
অপরদিকে তরুণ নেতা আবু সুফিয়ান ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেন। মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে তাঁর উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের সাথে সেতুবন্ধন তৈরী হয়। ফলে আগামী একাদশ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে তাঁকেই দলের তথা ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপির হাই কমান্ড।
আবু সুফিয়ানের মনোনয়ন চুড়ান্ত করায় চান্দগাঁও- বোয়ালখালী এলাকায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে।