Monday, September 14

মোস্তাফিজের না থাকা পোড়াচ্ছে সাকিবকে

0

বাংলাদেশ দল ভারতের দেরাদুনে পৌঁছার পরেরদিন প্রথম অনুশীলন সেরে নিয়েছে। সেই দলে ছিলেন না অধিনায়ক। ভারতে লম্বা আইপিএল মৌসুম কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র। একদিন বাড়তি অনুশীলনের চেয়ে তাই বিশ্রামটাই ছিল বেশি জরুরি।

দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার সকালে রওনা হলেন অধিনায়ক। বলে গেলেন একটি দুর্ভাবনার কথাও। আফগানিস্তান সিরিজে যে পাচ্ছেন না দলের সেরা বোলারকে। বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগের দিন পায়ের আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। টি ২০তে মোস্তাফিজের চারটি ওভার অধিনায়কের অনেক বড় ভরসার জায়গা। চারটি ওভার নিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকাই শুধু নয়, বোলিং আক্রমণের পরিকল্পনাও সাজানো হয় এই বাঁ-হাতি পেসারকে ঘিরে।

সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে মোস্তাফিজের চোটে, অধিনায়কের অকপট স্বীকারোক্তি। তবে বরাবরই ইতিবাচক সাকিব এটিকে দেখছেন অন্যদের জন্য বড় সুযোগ হিসেবে। ‘স্বাভাবিকভাবেই একটু সমস্যা হবে। সে আমাদের দলের সেরা টি ২০ বোলার। তাকে ছাড়া কাজটা একটু কঠিন হবে। তবে ওর না থাকা কিন্তু অন্যদের জন্য একটি সুযোগ। ওর বদলে যে সুযোগ পাবে, সে যেন তা ভালোভাবে কাজে লাগাতে পারে। আমি মনে করি, অন্য কারও জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ এটি।’

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে আগেই ফেভারিট মেনে নিয়েছেন সাকিব। নিজেদের সম্ভাবনা দেখছেন। অধিনায়ক ভালো করতে চান সিরিজের শুরুটা। ‘আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচ ধরে এগোনোর। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের পক্ষে থাকবে। পরের দুই ম্যাচ তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে’, বলেছেন সাকিব।

অধিনায়কের সঙ্গে এদিন ভারতে রওনা হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। মোস্তাফিজকে হারানোর আক্ষেপ শোনা গেল তার কণ্ঠেও, ‘অবশ্যই ওকে মিস করব আমরা। এই সংস্করণে আমাদের নিয়মিত বোলার ও। মাত্রই আইপিএল খেলে এসেছিল, ভারতে সেই অভিজ্ঞতা কাজে লাগত। সেটা মিস করব। তারপরও আশা করি অন্যরা ভালো করবে। দল খুব ভালো অবস্থানে আছে। গতকাল ওখানে ওরা অনুশীলন করেছে। আশা করি, সিরিজটায় আমরা ভালো করব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.