মোহনদাসের চেয়ে মমতাজ মহলের টানই কি বেশি মেলানিয়া ট্রাম্পের কাছে!

0

২ দিনের সফরে ভারতে আসছেন আগামী ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া ছাড়াও থাকবেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জারেদ কুশনার। সূত্র: আনন্দবাজার

স্থির ছিল, আহমেদাবাদ বিমানবন্দরে নেমে সোজা সবরমতী আশ্রমে যাবেন ট্রাম্প দম্পতি। মোহনদাস কর্মচন্দ গাঁন্ধীর স্মৃতিবিজড়িত আশ্রমে আধা ঘণ্টা কাটিয়ে মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান। তারপর তারা রওনা হবেন আগরায়, তাজমহল দর্শনে।

শেষ মুহূর্তে পরিবর্তন না-হলে ট্রাম্প দম্পতির পূর্ব নির্ধারিত সবরমতী আশ্রম সফর বাতিল হতে পারে। আজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। ট্রাম্পের না-আসার ইঙ্গিত পাওয়ার পর এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে হোয়াইট হাউস চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তা শিগগিরই ভারত সরকারকে জানানো হবে।

কূটনৈতিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথম কারণটি হল, মেলানিয়া ট্রাম্প সূর্যাস্তের সময়ে তাজমহল দেখতে উদ্গ্রীব। আহমেদাবাদে বেশি সময় কাটালে যদি বিমানে আগরা পৌঁছাতে দেরি হয়! সূর্য পাটে নামার আগেই তাজমহলে পৌঁছতে চান বলে জানিয়েছেন মেলানিয়া। সম্ভবত তাই আহমেদাবাদে অনুষ্ঠানের সময় কাটছাঁট করার সিদ্ধান্ত নিতে চলেছে হোয়াইট হাউস।

অন্য কিছু কারণেও এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। এক সপ্তাহ আগেই গুজরাটে গেছেন আমেরিকার গোয়েন্দারা। সব দিক দেখে সাবরমতী আশ্রম প্রিজার্ভেশন অ্যান্ড মেমোরিয়াল ট্রাস্টকে তারা অনুরোধ করেছিলেন, নিরাপত্তার কারণে এক দিন আগেই আশ্রম বন্ধ করে দিতে। তাতে রাজি হননি ট্রাস্টের সদস্যরা।

এছাড়া, আশ্রমের সামনের চত্বরটা বাঁধানো নয়, নরম মাটির। আশ্রমের কাছে পর্যন্ত ট্রাম্পের কনভয় পৌঁছবে না, সে ক্ষেত্রে অনেকটাই হেঁটে যেতে হবে তাদের। ফলে মেলানিয়ার (বিশেষত তিনি যে ধরনের পয়েন্টেড হিল পরেন) হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা দেখছেন মার্কিন কর্তারা।

তবে সবরমতী যদি নাও যাওয়া হয়, বাকি অনুষ্ঠানকে সফল করতে আহমেদাবাদে সাজো সাজো রব। আর সেই খবর যে কিছুটা চড়া হয়ে অতলান্তিক পার হয়েছে, তা স্পষ্ট হয়ে গেছে খোদ ট্রাম্পের মন্তব্যে।

তিনি বলেছেন, “আমি শুনেছি এক কোটি মানুষ হবে (আহমেদাবাদে)। ওরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম পর্যন্ত ৬০ লাখ থেকে ১ কোটি মানুষ থাকবেন।”

এই অবিশ্বাস্য সংখ্যাটি ট্রাম্প কোথা থেকে পেলেন, তা নিয়ে অবশ্য নীরব থাকাই শ্রেয় মনে করছে সাউথ ব্লক।

গুজরাট সরকার সূত্রের খবর, আহমেদাবাদের জনসংখ্যা প্রায় ৭০ লাখ। বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটারের রাস্তায় এক থেকে দু’লাখ মানুষকে দাঁড় করানোর প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষার্থীদের হাজির করতে সমস্ত স্কুল-কলেজকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গেও। নিরাপত্তার প্রশ্নটি যেহেতু বড়, তাই রাস্তার দু’ধারে দাড়ানোর জন্য লোক বাছাই করে, পরিচয়পত্র খতিয়ে দেখে ‘পাস’ দেওয়ার কাজ চলছে।

 খোলা জিপে নয়, বুলেটপ্রুফ কাচের লিমুজিনের ভিতর থেকেই হাত নাড়বেন ট্রাম্প। সূত্র: আনন্দবাজার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.