সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে স্থগিত করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মাদ শাহরিয়ারের বদলি। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন শাহরিয়ারের বদলির আদেশ স্থগিতের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মঙ্গলবার তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘সরকারী চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে।
তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় বদলি সংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় এই মুহূর্তে ফিনল্যান্ড সফররত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে যথাযথ কর্তৃপক্ষ জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বদলি আদেশ বাতিল করেছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযানে নেতৃত্ব দেন মঞ্জুর শাহরিয়ার।
মোহাম্মদ ইব্রাহিম নামে ওই ক্রেতার অভিযোগ, গত ২৫ মে তিনি আড়ংয়ের উত্তরা শাখা থেকে ৭১৩ টাকায় একটি পাঞ্জাবি কিনেছিলেন। ছয় দিন পর ৩১ মে ওই একই পাঞ্জাবি কিনতে গিয়ে দেখেন, সেটির দাম ১৩০৫ টাকা। বেশি দামেই পাঞ্জাবিটি কিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে আড়ংয়ে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন।
সোমবার দুপুরে দেশের নামকরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আড়ংয়ের উত্তরা আউটিলেটকে একই কাপড় পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রির দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ২৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার।
অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানে এদিন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তার বদলির প্রজ্ঞাপন প্রকাশ হলে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ওঠে নিন্দা ও প্রতিবাদের ঝড়।
অভিযান প্রসঙ্গে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আড়ং একটি ব্র্যান্ড। দেশি ভালো পণ্য বিক্রি করে বলে তাদের প্রতি ক্রেতাদের রয়েছে আস্থা ও সরল বিশ্বাস। এটি পুঁজি করে কৌশলে ক্রেতাদের ঠকাচ্ছে, যা ভোক্তা আইনপরিপন্থী। এ অপরাধে তাদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধিদপ্তরে ডাকা হয়েছে।’
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল জানান, ‘পাঞ্জাবির দাম বেশি নেয়ার বিষয়টি স্বীকার করায় রাত পৌনে ৯টার দিকে উত্তরার আড়ং শোরুম খুলে দেয়া হয়েছে। আড়ং কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজ তারা আর করবে না।’
এর আগে গত বৃহস্পতিবার (৩০ মে) আমদানিকারকের স্টিকার ছাড়াই নামিদামি ব্র্যান্ডের বিদেশি কসমেটিকস ব্যবহার করায় ধানমন্ডির পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ ও আলভিরাকে ৩ লাখ টাকা জরিমানা করে।