ময়মনসিংহ শহরের গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ঈদের মাত্র ১০ দিন আগে ভরা মওসুমে এই আগুনে বহু দোকান পুড়ে গেছে। দোকান মালিকদের সর্বশান্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে শহরের গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে আগুন লাগে। মার্কেটে ৩০০ দোকান রয়েছে। মার্কেটের প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছেন।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরমাণ জানা যায়নি।