ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীবাড়ি এলাকার রণজিৎ কুমার সিংহের ছেলে অভিজিৎ সিংহ (৩০) ও তার স্ত্রী মনি সিংহ (২২)। অভিজিত ময়মনসিংহ পৌরসভার কর্মচারী ছিলেন। গত দুই মাস আগে অভিজিৎ ও মনি সিংহের বিয়ে হয়। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। আহতরা হলেন ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭) ও রাজিব (২৯)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় বাইপাস মোড় এলাকায় একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে চালকসহ প্রাইভেট কারের চার যাত্রী আহত হন।
তিনি আরও জানান, তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।