ময়মনসিংহ শহরে আজ বুধবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের নাম সোহেল মিয়া (২২) ও হাবিব (২৫) বলে জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি র্যাব।
এ ব্যাপারে র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, বুধবার ভোরে শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় মইনউদ্দিন আহম্মেদের বাড়িতে এ অভিযান চালান তারা।
র্যাব কর্মকর্তা শরিফুল বলেন, আটককৃতরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় একটি ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
তবে ‘অস্ত্র তৈরি ও ব্যবসার হোতা’ বাড়ির মালিকের ছেলে নূরুদ্দিন পালিয়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, জড়িত সবাইকে গ্রেপ্তারসহ আরও অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।