চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সব সেবা সংস্থার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘চলমান এসব প্রকল্পের প্রায় সবই রাস্তায়। এসব প্রকল্প বাস্তবায়ন করতে রাস্তা খোঁড়াখুড়ি করতে হচ্ছে। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব ভোগান্তি সহ্য করার মানসিকতা থাকতে হবে। কেননা, এসব উন্নয়নের ভোগান্তি।’
সিটি করপোরেশনে মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর চুল পরিমাণ অনিয়ম ও দুর্নীতি করিনি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যতদিন দায়িত্বে থাকবো, ততদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবো।’
আজ সোমবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিন বছরপূর্তি উপলক্ষে সুধী সমাবেশে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ৪১ ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মাধ্যমে নগরবাসীকে গত অর্থবছরে (২০১৭-১৮) সম্পাদিত সামগ্রিক উন্নয়ন কার্যক্রম অবহিত করতে এ সমাবেশের আয়োজন করে চসিক।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গত তিন বছরে নগরের ৪১ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ তিন বছরে নগরের ৪১ ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীকে সেবা দিয়েছি। শহরকে এগিয়ে নিতে আন্তরিকতার মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি মনে করি কথা নয়, কাজের মাধ্যমে সফলতার পরিচয় দেওয়াই যুক্তিযুক্ত।’
সিটি মেয়র আরও বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে যেসব প্রকল্প নেওয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে এসব প্রকল্পে সহযোগিতা করেন। সিটি করপোরেশনসহ সেবা সংস্থাগুলো যেসব প্রকল্প হাতে নিয়েছে, সবই নগরবাসীর জন্য। সেবা সংস্থাগুলো নগরে সড়ক ও ড্রেন নির্মাণ, ওয়াসার পাইপলাইন, টিঅ্যান্ডটি, অপটিক্যাল ফাইবার স্থাপন করছে। এসব প্রকল্পগুলো প্রায় সবই রাস্তার ওপর। রাস্তা খুঁড়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে হয়। এর বিকল্প নেই।’
সিটি মেয়র নাছির আরও বলেন, রাস্তা খোঁড়াখুড়ির কারণে নগরবাসীর ভোগান্তি ও কষ্ট পেতে হচ্ছে, তেমনি আমাদেরও কষ্ট হয়। কেননা, আমরা এতো কষ্ট করে রাস্তা নির্মাণ করি, পরে অন্য প্রকল্প বাস্তবায়নে তা কেটে ফেলতে হয়। কিন্তু করার কিছু নেই এসব প্রকল্পগুলো নগরবাসীর সেবার মান বাড়াতে নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহর বিশ্বমানের শহরে রূপান্তর হবে।’
এক্ষেত্রে সাংবাদিকদের যথাযত লেখনির মাধ্যমে জনমত তৈরির পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সমাবেশে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাবউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার, সাবেক সভাপতি ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রকৌশলী মো. হারুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী।
সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে’র সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চসিকের প্যানেল মেয়র, নগরের ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।