Sunday, September 13

যশোরের নাভারনে ডাল থেকে বাচঁতে প্রাণ গেল নুর হোসেনের

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের নাভারন বাজারে গাছের ডাল ভেঙে পড়লে প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে নুর হোসেন (২৪) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত ও আসাদুল ইসলাম (২৫) নামে মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন নিউ মার্কেটের সামনে।
নিহত নুর হোসেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে ও আহত আসাদুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
শার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা উপজেলার নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে রোববার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশের তিনশ‘ বছরের পুরানো শিশু গাছের একটি ডাল আচমকা ভেঙে পড়ে। সেখানে থাকা পথচারীসহ আশেপাশের লোকজন প্রাণ বাঁচাতে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় প্রাণ বাঁচাতে নুর হোসেন ও আসাদুল ইসলাম মোটর সাইকেল নিয়ে চলে যাওয়ার সময় যশোরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুর হোসেন নিহত হয় ও আসাদুল ইসলাম মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয় লোকজন আসাদুলকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের ডাল অপসারণের কাজ শুরু করে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা গাছের ডাল মেশিন দিয়ে কেটে অপসারণ করা হয়েছে। একজন নিহত ছাড়া আর বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। #

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.