যশোরের শার্শা উপজেলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়।
পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে।