বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পানিতে বিধ্বস্ত হয়েছে যশোরে । রবিবার রাতে সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। এতে দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ।
আইএসপিআরের সহকারী পরিচালক (এডি) রেজাউল করিম শাম্মী জানান, রাত্রিকালীন প্রশিক্ষণ হিসেবে রাত ৯টার দিকে যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে একটি কেএইটডব্লিউ প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করেন সিরাজুল ও এনায়েত। কিছুক্ষণ পর সেটি যশোরের ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ে বিধ্বস্ত হয়। এতে তারা দুজনই নিহত হন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়াও একই তথ্য জানান।