Thursday, August 20

যশোর সদর উপজেলায় বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

0

যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জুয়েল (২৯) যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশের তথ্যমতে, গত বছরের ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান আসামি হাশিমপুর এলাকার জুয়েল ও মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে আটক করা হয় জুয়েলকে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর আসামি মুন্নাকে ধরতে আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে আসামি জুয়েলকে নিয়ে হাশিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুন্না ও তার সহযোগীরা গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আসামি জুয়েল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.