আজ মঙ্গলবার এক হত্যা মামলায় আপিল বিভাগের দেওয়া ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায় ঘোষণা করা হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বিচাপতির আপিল বেঞ্চ পূর্ণাঙ্গ আপিল এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে যাবজ্জীবন অর্থ সাজাপ্রাপ্ত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হওয়া পর্যন্ত সময়কে বোঝায়। তবে দণ্ডবিধির ৪৫ ও ৫৩ ধারা যদি দণ্ডবিধির ৫৫ ও ৫৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) র ধারার সঙ্গে মিলিয়ে পড়া হয়, সে ক্ষেত্রে যাবজ্জীবন অর্থ ৩০ বছর বিবেচনা করতে হবে।
রায়ে আরও বলা হয়, তবে যদি কোনো ক্ষেত্রে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু বা স্বাভাবিক মৃত্যু না হওয়া সময় পর্যন্ত উল্লেখ করে দেন, সে ক্ষেত্রে এবং যুদ্ধপরাধীদের ক্ষেত্রে যাবজ্জীবন ৩০ বছরের বিধান প্রযোজ্য হবে না।
ভার্চুয়াল আদালতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর আসামি পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির।