Sunday, September 13

যারা নিরাপত্তা দেয় তাদের নিয়েও আমি চিন্তিত: প্রধানমন্ত্রী

0

বিটিভি থেকে নেওয়া

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিভিন্ন হুমকির মাঝেই দক্ষতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নিজেদের নিরাপত্তার পাশাপাশি যারা আমাকে নিরাপত্তা দেয় তাদের নিয়ে আমি চিন্তিত।’

আজ রোববার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা দায়িত্বরত তাদের নিরাপত্তা দেওয়া আমার কাছে চিন্তার বিষয়। এটাই হচ্ছে বাস্তবতা। যেহেতু যুগের পরিবর্তন হয়েছে, তাই এর সঙ্গে তাল মিলিয়ে নতুন এবং আধুনিক সরঞ্জামাদি প্রয়োগ করে নিরাপত্তা বেষ্টনি আরও সুরক্ষিত করা হচ্ছে। শুধু যার নিরাপত্তা দেওয়া হচ্ছে তার নয়, বরং যারা নিরাপত্তা দিচ্ছে তাদের বিষয়টা চিন্তায় থাকে।’

দেশ এগিয়ে যাক আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। আমাদের দায়িত্ব এজন্যই বেশি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করবেন। এটা তার চিন্তা ভাবনায় ছিল। এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর স্বাধীন এই দেশকে আমাদের উন্নত এবং সমৃদ্ধ করতে হবে।’

সেদিকে লক্ষ্য রেখেই সবসময় একটি মর্যাদাপূর্ণ দেশ এবং জাতি হিসেবে এই দেশকে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানান শেখ হাসিনা। এ সময় বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘৭৫’ এর পর যারা ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশকে একটি একটি দরিদ্র দেশ হিসেবে রাখতে চেয়েছে। বিদেশ নির্ভরশীল রাখতে চেয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল আমরা দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে। আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই। জাতির পিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত নেই। আমরা তাই ভিক্ষুক জাতি হয়ে থাকতে চাই না।’

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় তার ব্যবস্থা করছি। সম্প্রতি প্রবৃদ্ধি অর্জনে আমরা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছি। আন্তরিকতা এবং দেশপ্রেম থাকলে সব অসাধ্য সাধন করা যায়।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে জানিয়ে এই সাফল্য ধরে রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.