Thursday, September 24

যুবকদের শক্তি, সামর্থ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে-রাষ্ট্রপতি

0

যুবকদের শক্তি, সামর্থ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যুবসমাজকে মানবিক হতে হবে। যুবসমাজকে অবশ্যই অপসংস্কৃতির প্রভাব মুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

 আজ রবিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

তিনি বলেন, আজকাল বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের মত নেতিবাচক কর্মকাণ্ড জাতি উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে। আমি মনে করি, এর উদ্ভাব ও বিকাশ হয়েছে মুক্তচিন্তা ও সংস্কৃতিক চর্চার অভাবে।

বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থানই নয়, এটি উচ্চশিক্ষা ও গবেষণার পাদপীঠ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পরিপূর্ণ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূণ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় শিক্ষার্থীদের মুক্তচিন্তা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা, জাতি গঠন কার্যক্রম, সমসাময়িক চিন্তা, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রমসহ অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপক করেন।

তিনি বলেন, সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের কেবল মাত্র দক্ষই করে গড়ে তোলে না, কূপমণ্ডুকতার বেড়াজাল থেকে বের করে এনে তাদের বুদ্ধিবৃত্তিক চেতনাকেও পরিপুষ্ট করে।

তিনি বলেন, আমাদের স্মরণ রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান আমাদের হাজার বছরের সুমহান ঐতিহ্য, এই ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আমাদের সমাজ ও সভ্যতা এগিয়ে চলেছে।

কল্পবিজ্ঞান ও ঔপন্যাসিক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-উর-রশিদ আসকারি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.