Tuesday, September 8

যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

0

ফেনীর সোনাগাজী উপজেলায় এক আলিম পরীক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার কারণেই সহপাঠীরা ওই ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের ছাদে আজ শনিবার সকালে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর বড় ভাই নোমান গনমাধ্যমকে জানান, সকালে আলিম পরীক্ষা দেওয়ার জন্য আমার বোন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যায়। সকাল সাড়ে নয়টার দিকে অধ্যক্ষের নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী মাদরাসার ছাদে তুলে আমার বোনের গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে পাঠান। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আলম জানান, ওই ছাত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ছাত্রীর শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৭ মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
অন্যদিকে আরেকটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানবন্ধন করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.