আজ রবিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে বুজরুক হরিপুর গ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের নারী সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
আহতরা হলেন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭০), তাঁর স্ত্রী হাছনা বেগম (৬০), ভাই মজিবর রহমান (৬৫), ভাইয়ের স্ত্রী জমিলা বেগম (৫৫), ভতিজা মোকছেদুল ইসলাম (৩৫), ছেলে রাশেদুল ইসলাম (৩৫), বোন মছিরন বেগম (৫০) ও আবিজান বেগম (৪৫)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুজরুক হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়িতে হামলা চালায় একই গ্রামের কয়েকজন সন্ত্রাসী।। এ সময় তারা মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৩টি ঘর আসবাবপত্রসহ অস্মীভূত হয়। এ সময় বাধা দিতে গেলে তারা মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মুক্তিযোদ্ধা পরিবারের ১০ জন সদস্য আহত হন।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাড়িঘর।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, হামলা ও অগ্নি সংযোগের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমি মেডিকেলে গিয়ে মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা করেছি।