একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা ও লেখিকা রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বসস্তরের মানুষ। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে রমা চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিকে তাঁর মরদেহ নগরীর কেন্দ্রিয় শহীদ মিনারে নেয়া হয়। এরপর চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
রমা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার পর প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, লেখক ও শহীদজায়া মুশতারি শফী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, ভারপ্রাপ্ত সিটি মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর ছাত্রলীগ, জেলা শিল্পকলা একাডেমি, সিপিবি চট্টগ্রাম জেলা, ওয়াকার্স পার্টি, গণজাগরণ মঞ্চ, উদীচী সংসদ ও বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ রমা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, রমা চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। এই রাষ্ট্র, এই জাতির প্রতি তাঁর অপরিসীম ত্যাগ। এই মহিয়সী নারীর মৃত্যুতে গোটা জাতি আজ শোকাহত। এই রাষ্ট্রের অভ্যুদয়ে রমা চৌধুরীর ত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই জাতি আজীবন রমা চৌধুরীকে স্মরণ করে যাবে।
এর আগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সম্মিলিত আবৃত্তি জোট, গণজাগরণ মঞ্চ, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন স্কুল, অর্পণাচরণ সিটি করপোরেশন স্কুল, মিউনিসিপ্যাল সিটি করপোরেশন স্কুল, পাহাড়িকা স্কুলে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এ সময় ‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরীর বেঁচে থাকা একমাত্র ছেলে জহর চৌধুরী, রমা চৌধুরীর দীর্ঘদিনের সহচর ও তার বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় এই বীরাঙ্গনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকালে জেলার বোয়ালখালী উপজেলার নিজ গ্রামে রমা চৌধুরীকে সমাহিত করা হবে হবে বলে জানিয়েছেন তার একমাত্র সন্তান জহর চৌধুরী।