রাজধানীর মুগদাপাড়ায় লুদমিনা আহমেদ লিজা (৩৮) নামে এক উদীচী নেত্রীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংগীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে মুগদা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে পুলিশ লিজার স্বামী এসএম সাজ্জাদকে গ্রেফতার করেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে মুগদা থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, লিজা ও তার স্বামী সাজ্জাদের মধ্যে বনিবনা ছিল না। তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। তারা একে অপরকে সন্দেহ করতেন।