রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৩৪) দায়ের করেন ওই নারী পুলিশ সদস্য।
এদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে গতকাল রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।
মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ওই নারী কনস্টেবলকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শাহজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই সঞ্জয় কুমার দাস জানান, মাসখানেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে মালিবাগের হোটেল মৌচাকের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর রুমে নিয়ে ‘ধর্ষণ’ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন।