ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বললেন রাজনীতি এখন গরিবের ভাউজ। গ্রামের ভাষায় ভাউজ হচ্ছে ভাবি। গরিবের বউ হচ্ছে সবার ভাবি। এখন রাজনীতিও তেমন। যে কেউ চাইলেই রাজনীতিতে আসতে পারছে। কিন্তু অন্য পেশায় কেউ চাইলেই যেতে পারে না।
শনিবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই আমার ভয় করে, এখানে এতো এতো শিক্ষক-গ্র্যাজুয়েটের সামনে কথা বলতে হবে -এটা মনে হলেই আমার গলা শুকিয়ে আসে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমার মন খুলে কথা বলতে ইচ্ছা করে। আবার এখানে আসলে কথা বলতে ভয়ও লাগে। কারণ এখানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আর আমি এখানে চান্সই পাইনি।
বক্তব্যে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়ার উপাচার্য মো. আক্তারুজ্জামানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত ছাত্রনেতারা রাজনীতিতে আসুক, এটাই আমি চাই। কোনো চাকুরিজীবী, ব্যবসায়ী যেনো এসে রাজনীতির মাঠ দখল না করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার জীবনের অন্যতম মাইলফলক অর্জন করতে যাচ্ছেন ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট। যা ঢাবির ইতিহাসে সর্বাধিক গ্র্যাজুয়েট। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হচ্ছে।