রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, খোকন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
মঙ্গলবার ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালীতলা এলাকার একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত খোকন পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল যুগান্তরকে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে খোকন ও তার দলের অন্য সদস্যরা বেনীনগর কালীতলা এলাকার একটি বাগানে বসে বৈঠক করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথভাবে ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া চরমপন্থী দলের বাকি সদস্যরা পালিয়ে যান।
ওসির দাবি, খোকন চরমপন্থী দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি কাটা রাইফেল, ২ রাউন্ড গুলি, ওয়ান শুটারগান ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।