রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার পবা উপজেলার আফিনেপালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম হাসিবুল হোসেন। তিনি দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার মৃত আফতার হোসেন পচুর ছেলে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত বলেন, ৩৭ বছর বয়সী হাসিবুলের বাবার নাম আফতার হোসেন পচু। হাসিবুল একজন মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে ৭৮ বোতল ফেনসিডিল এবং ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে।
মেজর আশরাফুল বলেন, আফিনেপালপাড়া গ্রামে রাতে র্যাবের একটি দল টহলে যায়। এ সময় রাস্তার পাশে একটি বাগানে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দলটি সেদিকে এগিয়ে যায়। তখন ওই ব্যক্তিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
‘আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট গোলাগুলির পর সবাই পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’
র্যাবের ওই দলটি আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেজর আশরাফুল জানান। তিনি বলেন, পরে তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।