চাঁদপুরে হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিয়েছে। আগের দিন তারা নিখোঁজ হয়েছিল। তাদের কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না।
মৃত শিশুরা হল- হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া শুকু কশিনারের বাড়ির ওয়াসিমের ছেলে মো. রাহুল (১৩), শামীম (১৪), আহসানের ছেলে রায়হান (১২) ও নজরুল ইসলামের ছেলে নিয়ন (১৩)। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সি মোহাম্মদ মনির জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মৃতদেহগুলো ভাসতে দেখেন। এর পরই তাদের লাশ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠার খবর পাই। এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
এদিকে মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।