ধর্ষণ মামলায় অভিযুক্ত ভারতের আলোচিত হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত। আর এই রায়কে কেন্দ্র করে ফের ব্যাপক সহিংসতা হতে পারে এমন আশঙ্কায় রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সহিংসতা এড়াতে রাম রহিমের পরিচালিত শতাধিক ডেরা থেকে তার ভক্তদের উচ্ছেদ করা হয়েছে।
সোমাবার দুপুর দুইটায় হরিয়ানা রাজ্যের রোহতক জেলা সংশোধনাগারে গিয়ে এই সাজা ঘোষণা করবেন সিবিআই বিচারক জগদীপ সিং। তার আগেই আতঙ্ক তৈরি হয়েছে সিরসা, রোহতকসহ হরিয়ানার একটি বড় অংশে। উত্তেজনা ছড়াচ্ছে পাঞ্জাবেও।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, যে শহরে রাম রহিমের বিরুদ্ধে রায় ঘোষণা হবে, সেই রোহতাক শহরে নেয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা, এমনকি সেখানে মোতায়েন থাকবে সেনাবাহিনীর বিশেষ টিম। এর আগে,আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করায় শুক্রবার দেশটির বিভিন্ন রাজ্যে, বিশেষ করে হরিয়ানার পাঁচকুলায় তাণ্ডব চালায় রাম রহিমের ভক্তরা। সেসময় নিহত হয় কমপক্ষে ৩৬ জন।
রোহতাক রেঞ্জের আইজিপি এ. এস ভির্ক জানান, ডেরা প্রধানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সিবিআই’র বিশেষ আদালতের বিচারকরা বিমানে করে পাঁচকুলা থেকে রোহতাক এসে পৌঁছাবেন। আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণার সময় জানানো হয়নি। আমরা আশা করছি আড়াইটার সময় রায় ঘোষণা করা হবে। এনডিটিভি।