রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আগামীকাল শনিবার ঢাকা ত্যাগ করবেন । কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, আগামীকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাস আছে কিনা, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়েছে।