Friday, August 7

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরে আসিয়ান সম্মেলনে যোগ দেবেন

0

ন্যাশনাল ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন । আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধানের জাকার্তায় যাবার কথা রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। সম্প্রতি ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সূত্রগুলো রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার তথ্য নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্র বলছে, বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। আগামী ৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু কাছাকাছি সময়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে জাকার্তায় যাচ্ছেন না সরকারপ্রধান। সেজন্য আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন ও সম্পর্ক বিবেচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

 জানা যায়, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে জাকার্তায় যাবেন রাষ্ট্রপতি। তিনি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে জাকার্তার উদ্দেশে রওনা করবেন। আগামী ৭ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে স্টেটমেন্ট দেবেন।

এদিকে সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাকার্তার বাংলাদেশ মিশন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রথম পূর্ব এশিয়া সম্মেলন বসে। সেবার ১৬টি দেশ ওই সম্মেলনে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ষষ্ঠ পূর্ব এশিয়া সম্মেলনে প্রথমবার যোগদান করে। সবশেষ গত বছর কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৭তম পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.