Thursday, August 27

রিফাত হত্যা: দুই নম্বর আসামি রিফাত ফরাজী গ্রেফতার

0

বরগুনায় প্রকাশ্য সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার ২নং আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোর রাতে রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ও মূলহোতা নয়ন মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার পুরাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ মামলার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

প্রসঙ্গত, ২৬ জুন সকালে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।

এলাকাবাসী রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.