নানা আয়োজনে মধ্য দিয়ে তিনদিন ব্যাপী বান্দরবানে রুমা উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী খ্রিষ্টান ধর্ম গ্রহনের শত বর্ষপূর্তি উৎসব উদযাপন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রুমা হাইস্কুল মাঠে ‘বম রাম গসপেল সেন্টেনারী’ শীর্ষক উৎসবের উদ্বোধন করেন বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম। আজ শনিবার সকালে রুমা হাইস্কুল মাঠে জাতীয় সঙ্গীত ও সমবেত প্রার্থনায় মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে ঢাকাসহ তিন পার্বত্য জেলায় খ্রীষ্টান ধর্মাবলম্বী বম, পাংখোয়া, খুমি, ম্রো ছাড়াও অর্ধশতাধিক বিদেশি অংশ গ্রহন করেন। এসময় পুরো মাঠ কানায় কানায় লোকে লোকারণ্য হয়।আয়োজকরা জানান, উৎসবে বম সম্প্রদায়ের হারিয়ে যাওয়া শিং নৃত্য, বাঁশ নৃত্যসহ একশ শিল্পীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করবেন। এর মাধ্যমে নতুন প্রজন্মরাও অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে মায়ানমারে শান ও কাচিন রাজ্যে মডেল ও কন্ঠ শিল্পীরা গান পরিবেশন করবেন। আগামী ২০ জানুয়ারি-২০১৯ বিশেষ অতিথিরা বিশেষ বক্তৃতা প্রদান ও বিদায় জানিয়ে খ্রীস্টীয় সুসমাচার প্রচারে শতবর্ষ পূর্তি উদযাপন সমাপ্তি ঘটবে।
এসময় উৎসবে যোগ দেন রুমা জোনের সেনা কর্মকর্তা মেজর মাসুদ রায়হান, আঞ্চলিক পরিষদের সদস্য ডেভিড বম, জুয়েল বম, ভারতের মিজোরাম রাজ্যের এলআইকেবিকে এর খ্রিস্ট ধর্মীয় নেতা রেভারেন্ড সি সাংজোয়ালা, বান্দরবানের বম সম্প্রদায়ের নেতা রেভারেন্ড লাল রুয়াল লুং, রেভারেন্ড লাল রেম সাং, রেভারেন্ড খল্লিয়ান বম, রেভারেন্ড কে রেমা, রেভারেন্ড ভান্নুয়াম বম, পাস্তুর জির কুং সাহু প্রমুখ।