Saturday, August 29

রূপগঞ্জে অভিযান: সোয়া কোটি টাকাসহ ২ হাজার ইয়াবা উদ্ধার

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জামাল হোসেন, মোস্তফা কামাল ও মানিক মিয়া।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকাসহ ইয়াবা বড়ি রয়েছে। এই সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ মধ্যরাতে অভিযান শুরু করে। অভিযানকালে ২ হাজার ইয়াবা বড়ি ও একটি ট্রাংকের মধ্যে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তার সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মাহমুদুল হাসান।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিরা টাকার বৈধ উৎস জানাতে পারেননি। এত টাকা কোথা থেকে এসেছে, সে তথ্যও দিতে পারেননি। কয়েল কারখানার ব্যবসার কথা বললেও কোনো বৈধ কাগজপত্র নেই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এর বাইরে মানি লন্ডারিংয়ের মামলাও করা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.