রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ আজ শুক্রবার রাত ১১টায় ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য বাংলাদেশ সফরে আসছেন।এর মধ্য দিয়ে রাশিয়া সরকারের শীর্ষ পর্যায়ের কোনো অতিথি এই প্রথম বাংলাদেশে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে বিমান বন্দরে স্বাগত জানাবেন।
শনিবার সকালে রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে ওই কেন্দ্রের দ্বিতীয় ফেজের উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর রূপপুরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। নির্বাচনী বছরে তার সফরে সমসাময়িক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়েও কথা হবে বলে জানা গেছে।
রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি করপোরেশন-রোসাটম এর অঙ্গ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ রাশিয়ার অন্যতম নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে খ্যাত। টানা ৪০ বছর ধরে তিনি নিরাপত্তা বিষয়ে কাজ করছেন। ২০১৮ সালের মে মাসে তিনি উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এর আগে তিনি দেশটির প্রতিরক্ষা ও বাণিজ্য উপমন্ত্রী ছিলেন।
মিলিটারি প্রতিষ্ঠানে স্কুলিং হওয়া বরিসভ রেডিও ইলেক্ট্রনিক্স ও গণিত শাস্ত্রে পড়াশোনা করেছেন। প্রায় ২০ বছর (১৯৭৮-৯৮) পেশাগত দায়িত্ব পালন করেছেন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার সশস্ত্র বাহিনীতে। পরবর্তীকালে কাজ করেছেন দেশটির ফেডারেল এজেন্সিতে। সেখানে তিনি উপ-প্রধানের দায়িত্বে ছিলেন। মন্ত্রিত্ব পাওয়ার আগে তিনি মস্কোর সামরিক শিল্প কমিশনের সদস্যও ছিলেন।