Sunday, September 13

পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় নয়
রোববার থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ ঘোষণা ডিএমপি কমিশনারের

0

আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আগামী রোববার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের এই আইন পালনে কঠোর হতে পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেছেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে আপনারা ছাড় দেবেন না। একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

আজ শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ নির্দেশ দেন। নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীদের চেতনা আমরা বুঝতে পেরেছি। এখন থেকে কেউ সড়ক আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা আইন প্রয়োগে আমাদের নৈতিক ভিত্তি দিয়েছে, আমরা এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন ট্রাফিক রুলের কঠোর প্রয়োগে উদ্যোগ নিয়েছি।

শিক্ষার্থীরা এভাবে রাস্তায় থাকার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, অব্যবস্থাপনা দেখা দিয়েছে, এই অবস্থাও চলতে দেয়া যায় না বলে জানান ডিএমপি কমিশনার।

এসময় তিনি আন্দোলন আর দীর্ঘায়িত না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছেন তা অত্যন্ত মহৎ। কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এটা চলতে দেয়া হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.