চাঞ্চল্যকর পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল গণমাধ্যমকে বলেন, এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। আশা করছি যথাসময়েই রায় ঘোষণা করা হবে।
গত ১৩ এপ্রিল এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
এর আগে বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানিতে অংশ নেন।