জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম শিবির পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
কক্সবাজারের একটি হোটেলে কিছুক্ষণ অবস্থানের পর সকাল পৌনে ১১টার দিকে সেখান থেকে উখিয়া পৌঁছবেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। সেখানে ইউএনএইচসিআরের বালুখালী ট্রানজিট ক্যাম্প, কুতুপালং মেইন রোহিঙ্গা ক্যাম্প এবং নারীদের আলাদা জায়গা পরিদর্শন শেষে কুতুপালং এক্সটেনশন ক্যাম্পের ডি-পাইভ ব্লকে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতিসংঘ শরণার্থী বিষয়ক বৈশ্বিক সংস্থা ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল বিষয়ক নির্বাহী পরিচালক ড. নাতালিয়া খানেমসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার প্রায় ডজন খানেক কর্মকর্তা।
এ ছাড়া এই সংক্ষিপ্ত সফরে কক্সবাজারে বৈশ্বিক সংস্থা ও বাংলাদেশ সরকারের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন আন্তোনিও গুতেরেস এবং জিম ইয়ং কিম।
জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আলাদা ফ্লাইটে ঢাকা এলেও তারা বেশ কয়েকটি কর্মসূচিতে একসঙ্গে অংশ নিচ্ছেন।