কিকিউ মার্মা, বান্দরবান: বান্দররবানে রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে মং সাইন নু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাচিঅং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার সকালে উপজেলার নোয়াপতং ইউনিয়নের ১নং ওয়ার্ড ক্যানাইজো পাড়ায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎ পাড়ার ঢুকে পড়ে। এক পর্যায়ে হঠাৎ করে মুখোশ পরা সন্ত্রাসীরা এসে মংসাইনুর হাত ধরে। পরে মংসাইনু হাত ঝেড়ে দৌঁড় দেয়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, সকালে রাস্তার উপরে ওই যুবককে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেন এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি ওসি।