করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে আট দিনের সর্বাত্মক লকডাউন। আর এই মেয়াদ বাড়ানো হবে কি-না সে বিষয়ে আজ সোমবার (১৯ এপ্রিল) বৈঠক শেষে সিদ্ধান্ত জানাবে মন্ত্রীপরিষদ বিভাগ।
সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চলমান লকডাউনের সময় বাড়ানো হতে পারে। কঠোর কিংবা ঢিলেঢালা লকডাউন ঈদের ছুটি পর্যন্ত চলতে পারে। বর্তমানের কঠোর বিধিনিষেধে একটু ছাড় দিয়ে কিভাবে লকডাউন অব্যাহত রাখা যায় সেই চিন্তাভাবনা করছে সরকার।
এর আগে, করোনার সংক্রমণ রোধে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এরপর গত ৫ থেকে ১১ এপ্রিল অফিস-আদালত খোলা রেখে সীমিত মাত্রায় লকডাউন ঘোষণা করা হয়। পরে ১৪ এপ্রিল থেকে সর্বাত্বক লকডাউনের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সে ঘোষণা আসেনি। ১৪ এপ্রিল থেকে কঠোর বিধি নিষেধের ঘোষণা আসে। এ ঘোষণায় কল-কারখানা ও সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা রাখার সুযোগ রাখা হয়। এই অবস্থার লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
চলমান লকডাউনে প্রয়োজনীয় কাজে বাইরে যেতে পুলিশের কাছ থেকে নাগরিকদের নিতে হচ্ছে ‘মুভমেন্ট পাস’। এসব বিধিনিষেধ পালনে কিছু সুফল মিলতে শুরু করেছে। তাই সব কিছু বিবেচনায় চলমান লকডাউনকে অন্তত আরো এক সপ্তাহ অর্থাৎ ২৮-২৯ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।