সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোম যাওয়ার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কয়েক ঘণ্টার যাত্রা বিরতিতে ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের সঙ্গে বেশ আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি। এদিকে প্রায় ২৪ ঘণ্টা যাত্রাবিরতি শেষে শেখ হাসিনা বুধবার বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ছাড়বেন বলেও জানিয়েছেন ভ্রমণসংশ্লিষ্টরা। সফর শেষে আগামী ১৭ জুন আবার লন্ডন হয়ে দেশে ফেরার কথা রয়েছে তার।
জানা যায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি-০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। মূলত ছোটবোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই লন্ডনে যাত্রাবিরতি করলেন প্রধানমন্ত্রী।
সেখানে পৌঁছানোর পর রাতেই শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক হোটেলে দেখা করতে আসেন শেখ হাসিনার সাথে। তাদের আনন্দঘন সময় কাটে তার। এসময় যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে আবারও বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লন্ডনে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতারাও এই সময় উপস্থিত ছিলেন।