কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান লামায় আগুন লেগে দুই বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রুপসীপাড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রুপসীপাড়া বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর সদস্য, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার হল- রুপসীপাড়া বাজারের মৃত ইচাক মন্ডলের ছেলে তোয়াজ মিয়া (৬০) ও আইয়ুব আলীর স্ত্রী মোমেনা বেগম (২৫)।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, আজ সকালে দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা ঘটনাস্থলে ছুটে যান । তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান। তাৎক্ষণিক প্রতিমন্ত্রীর নির্দেশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বস্তা চাউল, কাপড়, কম্বল, মশারী, হাড়ি-পাতিল, কোকারিজ মালামাল সহ নগদ টাকা সহায়তা করা হয়েছে।