কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে লামা উপজেলায় ইয়াবা পাচারকালে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় লামা পৌরসভার হরিণঝিরি নামক স্থানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ার আতিরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (১৮) ও একই পাড়ার রুনাজন ত্রিপুরার ছেলে নির্মল ত্রিপুরার (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে লামা পৌরসভা এলাকার হরিণঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহ ভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশী চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকদের থানায় সোপর্দ করা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।