কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে বান্দরবান লামায় উপজেলায় ছেনোয়ারা বেগম (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। ছেনোয়ারা বেগম মেরাখোলা গ্রামের বাসিন্দা মৃত নুরুল আলমের মেয়ে ও মো. রাজুর স্ত্রী।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে রাজমিস্ত্রী মো. রাজুর সঙ্গে তার স্ত্রী ঝগড়া-বিবাদ চলে আসছিল। আবারও আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীকে অভিমান করে ছেনোয়ারা বেগম গলায় উড়না পেঁছিয়ে ঘরের বিমের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনেরা তার লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজন ও পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ ছেনোয়ারার লাশ উদ্ধার করে পুলিশ।
গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী জানান, ছেনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।