Saturday, August 15

লামায় ফের বন্য হাতির মৃত্যু

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় আরও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি খালকুইল্যা পাড়ার ঝিরিতে হাতিটির মৃতদেহটি পাওয়া যায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ১২ বছর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ নিয়ে গত সাত মাসে উপজেলায় ৪টি হাতির মৃত্যু হলো। এদিকে হাতিটির মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, শনিবার সকালে ঝিরিতে একটি মৃত বন্য হাতি পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুর রহিম ও স্থানীয়রা। পরে বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দিলে শনিবার দুপুরে ডুলহাজারা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেন।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজ জানান, পারাপারের সময় কাঁটাতারের বেড়া কিংবা পাহাড় থেকে পড়ে আহত হয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

বন্যহাতির মৃত্যুতে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত জানা যাবে কী কারণে হাতিটি মারা গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি, ১৯ নভেম্বর কুমারী চাককাটারিতে একটি বাচ্চা বন্য হাতি ও ৩০ নভেম্বর ইসকাটাকার ঝিরিতে একটি বন্য হাতির মৃত্যু হয়। এসব হাতি হত্যার অভিযোগে পৃথক মামলা করেছে বন বিভাগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.