কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে লামা উপজেলায় বজ্রপাতে হোসনে আরা (৪) নামের এক শিশু মারা গেছে। এ সময় একই পরিবারের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দুর্গম পাহাড়ি উলারঝিরির কামাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে আহতরা হলেন- হোসনে আরার বড় বোন সোনিয়া আক্তার (৮) এবং তার বাবা কামাল হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে ইউনিয়নের উলারঝিরির বাসিন্দা কামাল হোসেনের ঘরের ওপর বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত হয়। এতে ঘরের ভিতরে থাকা শিশু হোসনে আরা ঘটনাস্থলেই মারা যায় এবং দুই জন গুরুতর আহত হন। স্বজনেরা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এসময় বজ্রপাতে এক শিশু নিহত ও দুই জন আহত খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, খবর পাওয়া মাত্র পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।