কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় উপজেলা অভিযান চালিয়ে ৯৭ হাজার লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে র্যাব।
আটককৃত ব্যক্তিরা হলেন- হেডম্যান পাড়ার বাসিন্দা উথোয়াইন মার্মার ছেলে সুমন মার্মা (১৯) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে মো. বেলাল (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকা উৎপাদিত মদ চট্টগ্রাম সহ আশপাশে শহরগুলোতে পাচার হয়ে আসছে। এমন তথ্যের ভিক্তিতে বৃহস্পতিবার সকাল থেকে র্যাব-৭ এর কক্সবাজার সদস্যরা বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে ওই এলাকা অভিযান পরিচালনা করেন। এ সময় পাড়ার বিভিন্ন বসতঘর থেকে বাণিজ্যিকভাবে তৈরিকৃত ৯৭ হাজার লিটার দেশীয় তৈরি মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেন। পাশাপাশি অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে র্যাব। তাৎক্ষনিকভাবে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সমুহ প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে বান্দরবান জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৯৭ হাজার লিটার চোলাই মদ ও মদ উপকরণ জব্দসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।