লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মবিয়ার রহমানসহ শতাধিক আওয়ামীলীগের নেতা-কর্মী জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন।
বুধবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সমাজ কল্যাণ সম্পাদক রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন। কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে আদিতমারী উপজেলা ও সারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন, সম্পাদক বাবু বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক সেলিম মির্জা ও সদ্য যোগদানকারী মবিয়ার রহমান প্রমুখ।