Saturday, August 29

লালমনিরহাটে খাদ্য গুদাম কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত, ক্যামেরা ছিনতাই

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে কৃষকের পরিবর্তে ব্যবসায়ীর কাছ থেকে ধান সংগ্রহ করার সময় কৃষকদের তথ্য জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে লালমনিরহাট সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শাহীনুর রহমান মাছরাঙ্গা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি জাহেদুল ইসলাম সমাপ্ত’র ভিডিও ক্যামেরা ছিনতাই করে তাকে লাঞ্চিত করেছেন।
সোমবার দুপুরে এ ঘটনায় সেখানে ছুটে যান স্থানীয় সাংবাদিক, পুলিশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।

জানা যায়, সোমবার দুপুরে লালমনিরহাট সদর খাদ্য গুদামে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক সমাপ্ত যান। এ সময় খাদ্য গুদামের পিছন দিক দিয়ে ধান ঠুকানো হচ্ছে দেখতে পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে ধান গুলোর কোন মালিক নেই। তাই এ বিষয়ে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা শাহীনুর রহমানের কাছে ধান গুলোর মালিক কৃষকের নাম জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন। যার এক পর্যায়ে হাতের ক্যামেরা জোরপূর্বক কেড়ে নিয়ে সাংবাদিক সমাপ্তকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করেন।

সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্ত জানান, ”শহরের কালীবাড়িতে অবস্থিত লালমনিরহাট উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা শাহীনুর রহমান ও তার লোকজন কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে ১০ মেট্রিক টন ধান ক্রয় করছিলেন। এ খবর পেয়ে সেখানে গিয়ে এর সত্যতা পাই। এ সময় শাহিনুরের কাছে কৃষক কোথায় জানতে চাইলে তিনি আমার উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে আমার কাছে থাকা ভিডিও ক্যামেরাটি ছিনতাই করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় সোমবার রাতে অভিযোগ পত্র জমা দিয়েছি।

সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা কেড়ে নেয়ার সত্যতা স্বীকার করে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান জানান, তিনি খাদ্য গুদামের কোন তথ্য সাংবাদিককে দিতে বাধ্য নন। কোন কৃষকের কাছে ধান ক্রয় করছেন আর কোন ব্যবসায়ীর কাছ থেকে করছেন এ তথ্য সাংবাদিককে কেন দিবেন, প্রয়োজন হলে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিবেন। সাংবাদিকের ক্যামেরা কেন কেড়ে নেয়া হয়েছে জানতে চাইলে তিনি নীরব ভুমিকা পালন করে কোন উত্তর দেন না।

লালমনরহাট সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আইয়ুব আলী এ ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। আর জেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কাজী সাইফুদ্দিন দেশের বাইরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

লালমরিহাট প্রেস ক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু জানান, সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা গুরুতর অপরাধ করেছেন। খাদ্য বিভাগ অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন না করলে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকরা শিঘ্রই আন্দোলনের ডাক দিবেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তদন্ত করেছেন এবং তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট দাখিল করবেন এবং পরে তা খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.