Monday, August 24

লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ি গ্রেফতার, ৪ পুলিশ আহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর থানায় ৮ মাদক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ি সাজেদুল ইসলাম মিঠু (৩৪) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে।
সোমবার(১৬ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়িদের হামলায় ৪ জন পুলিশ সদস্যও আহত হয়েছে। সাজেদুল ইসলাম মিঠু ওই উপজেলার বড়বাড়ি সাদেকনগর এলাকার নজীর হোসেনের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সাজেদুল ইসলাম মিঠুসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ি পুলিশের উপর হামলা চালায়। ওই হামলায় সদর থানা পুলিশের এস আই নুর আলম, এএসআই ইসরাফিলসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সাজেদুল ইসলাম মিঠু ফেন্সিডিলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার উপর গুলি চালায়। এতে সাজেদুল ইসলাম মিঠু’র দুই পায়ে গুলিবিদ্ধ হয়। অভিযানে তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ি সাজেদুল ইসলাম মিঠু ও আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.