লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দি হয়ে পরেছে তিস্তা পাড়ের হাজারো মানুষ।
শনিবার (২০ জুন) সকালে দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮০ সেঃমিঃ। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ মিটার) বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হাতীবান্ধার উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকার সাবেক জনপ্রতিনিধি জাকির হোসেন জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই ইউনিয়নের বেশ কিছু এলাকায় নদীর পানি ঢুকে পড়েছে। ওই সব এলাকার অনেক বসত বাড়িতে পানি উঠেছে। এতে লোকজন পানি বন্দি হয়ে পড়েছে।
তিস্তা ব্যারাজ দোয়ানী -ডালিয়া’র পানি উন্নয়ন বোর্ড’র এক কর্মকর্তা তিস্তা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েক দিন ধরে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। শনিবার সকালে তিস্তা ব্যারাজ এলাকায় বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এতে তিস্তা তীরবর্তী কিছু বসত বাড়িতে পানি উঠেছে।